আ. লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হয়েও নির্বাচন করতে পারবে না, যদি তারা নির্বাচনী মাঠে নামে জনগণ তাদের প্রতিহত করবে বলে হুঁশিয়ারি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিতকরণে সশস্ত্র বাহিনীর ভূমিকা: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই হতে হবে এবং তা হতে হবে ফ্যাসিবাদমুক্ত, অবাধ ও ইতিহাসের সেরা নির্বাচন। আওয়ামী লীগকে নির্বাচন থেকে পুরোপুরি বর্জন করতে হবে। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ। তাই তাদের কোনও নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হয়েও নির্বাচনে আসতে পারবে না। তারা যদি মাঠে নামে, জনগণ তাদের প্রতিহত করবে।
নিষিদ্ধ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, তারা এখন স্বতন্ত্র নির্বাচন করার পরিকল্পনা করছে। তাদের উদ্দেশ্যে নির্বাচন করা নয়, তাদের একমাত্র লক্ষ্য নির্বাচন বানচাল করে আবার ‘এক-এগারো’র মতো পরিস্থিতি সৃষ্টি করা এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনা।
সংগঠনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি. জেনারেল (অব.) রোকন উদ্দীন, আমজনতা পার্টির সদস্য সচিব ফাতেমা তাসলিম রাধা এবং সবুজ আন্দোলনের সভাপতি কাজী রেজাউল করিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।