বিএনপির ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বর্তমানে অনেক দল বড় বড় কথা বলছে। কিন্তু বিএনপি লোক দেখানো রাজনীতি করে না। দলটি জন্মলগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করে আসছে। বিএনপি কখনো ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি।
তিনি নারীদের অধিকার ও সম্মানের প্রসঙ্গ তুলে বলেন, ‘নারীরা সমাজের অগ্রগতির গুরুত্বপূর্ণ শক্তি। তাদের মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’
বেলকুচি উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে এ কথা বলেন তিনি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৩টায় সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তা সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম বলেন, ‘জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নারীদের ক্ষমতায়ন, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে দল অঙ্গীকারবদ্ধ।’
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফ্লোরা ইকবাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং আমিরুল ইসলাম খান আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপি সদস্য গোলাম আজম, সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবদুল মান্নান, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, জেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক হাজী আকছেদ আলী প্রামাণিক, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ও সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশটি সঞ্চালনা করেন শারমিন ইয়াসমিন ও নাসরিন বেগম।