ফুটবলের পর এবার করপোরেট জগতের বড় ক্রিকেট টুর্নামেন্টে খেলতে যাচ্ছে অন্যতম শীর্ষ গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। ‘বিকাশ ক্রিকেট কার্নিভাল ২০২৫’ টুর্নামেন্টে দেশের নামকরা ১৬টি করপোরেট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আজ শুক্র ও কাল শনিবার বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ডে হবে এই টুর্নামেন্ট।
আজ প্রথম দিনে শেষ ষোলোর খেলায় ওয়ালটনের প্রতিপক্ষ অনলাইন টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান সহজ। বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। শেষ ষোলো থেকেই নকআউট পর্বে ম্যাচের জয়ী দল পরবর্তী ধাপে যাবে। টেপ টেনিস বলের এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ হবে ছয় ওভারের। প্রতি দলে ৯ জন করে খেলার সুযোগ পাবেন।
এর আগে মাসে ‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’ এর প্লেট চ্যাম্পিয়ান হয়েছিল ওয়ালটন। এবারের টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ওয়ালটন করপোরেট ক্রিকেট টিম। ওয়ালটন করপোরেট ক্রিকেট টিমের চিফ অ্যাডভাইজার হিসেবে আছেন মো. নজরুল ইসলাম সরকার, অ্যাডভাইজার শাহজালাল হোসেন লিমন এবং টিম ম্যানেজার জোহেব আহমেদ। টিম ওয়ালটনের ১১ সদস্য হলেন আব্দুল্লাহ আল মামুন (অধিনায়ক), মো. সাজ্জাদ হোসেন (উইকেটরক্ষক), মিলটন, রনভী, সাহেল, নাজেল, নিক্সন, রফিক, রকিব, জহিরুল এবং রাকিব।
টিম অ্যাডভাইজার শাহজালাল হোসেন লিমন বলেন, “ওয়ালটন একটি ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান। শুরু থেকে দেশ-বিদেশের বিভিন্ন খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। পাশাপাশি ওয়ালটনের এমপ্লয়িদের নিয়ে গঠিত করপোরেট টিম ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়ে দারুণ সাফল্য বয়ে আনছে। এরই ধারাবাহিকতায় ‘বিকাশ ক্রিকেট কার্নিভাল ২০২৫’ অংশ নিচ্ছি আমরা।”
টিম ম্যানেজার জোহেব আহমেদ বলেন, ‘করপোরেট জগতের মহা কর্মব্যস্ত সময়ের মধ্যে খানিকটা বিরতি নিয়ে এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে আমরা মুখিয়ে আছি। আমাদের দলের প্রতিটি সদস্য টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী। আশা করছি খুব সুন্দর ও উপভোগ্য একটি ক্রিকেট টুর্নামেন্ট হবে।’