চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ল গাড়ি, নিহত ১

চট্টগ্রাম নগরে বেপরোয়া গতির একটি প্রাইভেট কার এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিচে ছিটকে পড়েছে। এ ঘটনায় শফিক নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রাইভেট কার আরোহী পাঁচজন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম নগরীর নিমতলা বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে চট্টগ্রাম ট্রাফিক পুলিশ পরিদর্শক (বন্দর) আমিনুর জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি চালকসহ পাঁচজন আরোহী নিয়ে পতেঙ্গা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে যাচ্ছিল লালখান বাজারের দিকে। নিমতলা এলাকায় গিয়ে হঠাৎ প্রাইভেট কারটি ফ্লাইওভার থেকে নিচে ছিটকে পড়ে শফিক নামের এক সাইকেল আরোহীর ওপর। ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত শফিকসহ প্রাইভেট কার আরোহী পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শফিককে মৃত ঘোষণা করেন। আহত অন্য পাঁচজনের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোটশিমলা গ্রামে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মুক্তার হোসেন (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখী গ্রামের মতিয়ার হোসেনের ছেলে।

এ ছাড়া বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং সড়কে চাঁদের গাড়ি উল্টে ১১ জন পর্যটক আহত হয়েছেন। গতকাল ভোরে কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসে এবং আহতদের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত পর্যটকরা সবাই কুষ্টিয়া জেলার বাসিন্দা। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের অ্যাম্বুলেন্সে করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। অন্যদের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।