স্মৃতি মান্ধানা–পলাশ দম্পতিকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

বিশ্বকাপ জয়ের পরই বিয়ের ঘোষণা দিয়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। ২৩ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন ভারতের ক্রিকেট তারকা। বর দীর্ঘদিনের প্রেমিক সংগীত পরিচালক পলাশ মুচ্ছল। এই বিয়ে ঘিরে শুভেচ্ছায় ভাসছে বলিউড ও ক্রীড়াজগত। এ উপলক্ষে নবদম্পতিকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক অভিনন্দনপত্রে নবদম্পতিকে শুভকামনা জানিয়ে মোদি লিখেছেন, মান্ধানার অভিজাত কাভার ড্রাইভ যখন মুচ্ছলের সুরের স্যাম্ফনির সঙ্গে মিলিত হয়, তখন তৈরি হয় এক নিখুঁত জীবনসঙ্গীত। তিনি দাম্পত্যজীবনে সুখ, শান্তি ও পারস্পরিক বোঝাপড়ার কামনাও জানান। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বিয়ের আনন্দঘন মুহূর্তে একটি প্রীতিম্যাচ আয়োজিত হবে। সেই ম্যাচে মুখোমুখি হবে বরপক্ষ ও কনেপক্ষের দল।

প্রায় পাঁচ বছর ধরে প্রেম করছেন স্মৃতি ও পলাশ। ঠিক কীভাবে তাদের পরিচয় হয়েছিল তা পরিষ্কার জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিকবার দুজনের ছবি দেখা গেছে। মান্ধানার সাফল্যের সময়গুলোতেও পাশে ছিলেন পলাশ। নারীদের বিশ্বকাপ জয়ের সময় থেকে শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে উইমেনস প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) শিরোপা জয়ের মুহূর্তেও তাকে দেখা গেছে গ্যালারিতে উদযাপন করতে।

পলাশ মুচ্ছল ভারতের সংগীতজগতে পরিচিত নাম। তিনি সংগীত পরিচালক হিসেবে কাজ করছেন দীর্ঘদিন। তার বোন পালক মুচ্ছল বলিউডের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী। ‘আশিকি ২’-সহ বেশ কয়েকটি হিট গানের কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত।