ফলোঅন করায়নি বাংলাদেশ; মুশফিকের সামনে জোড়া সেঞ্চুরির সুযোগ

সুযোগ পেয়েও আয়ারল্যান্ডকে ফলোঅন করাল না বাংলাদেশ। অতিথিদের প্রথম ইনিংস ২৬৫ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে টিম টাইগার। প্রথম ইনিংসে ৪৭৬ রান করা বাংলাদেশের লিড হয়েছে ২১১ রানের। ম্যাচের আড়াই দিনের বেশি বাকি থাকায় শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমের সামনে এখন জোড়া সেঞ্চুরির সুযোগ। ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে জোড়া সেঞ্চুরি করেছিলেন রিকি পন্টিং।

৫ উইকেটে ৯৮ রান নিয়ে আজ শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু করে আয়ারল্যান্ড। ৬ষ্ঠ উইকেটে ১৫০ বরে ৮১ রানের জুটি গড়েন লরকান টাকার এবং স্টিফেন দোহানি। ৭৭ বলে ৪৬ রান করা দোহানিকে বোল্ড করে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। অ্যান্ডি ম্যাকব্রেইনও শূন্য রানে তাইজুলের শিকার হন। ৮ম উইকেটে ৭৪ রানের আরেকটি জুটি উপহার দেন টাকার এবং জর্ডান নেইল। দুজনের মধ্যে টাকার শেষ পর্যন্ত ১৭১ বলে ৭ চারে ৭৫ রানে অপরাজিত থাকেন।

৮৩ বলে ৪৯ রান করা জর্ডান নেইলকে মুমিনুল হকের গ্লাভসবন্দি করে আড়াই বছর পর টেস্টে শিকার ধরেন এবাদত হোসেন। চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা এই পেসার শ্রীলঙ্কার বিপক্ষে গত জুনে মাঠে ফিরেছিলেন। তবে ১৪ ওভার বোলিং করে ছিলেন উইকেটশূন্য। আজ ম্যাথু হ্যাম্পায়ার্সকে(৪) তাইজুল ইসলাম শিকার করলে ৮৮.৩ ওভারে ২৬৫ রানে অল-আউট হয় আয়ারল্যান্ড। ৩৫.৩ ওভার বল করে ৬ মেডেনসহ মাত্র ৭৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তাইজুল। দুটি করে নিয়েছেন খালেদ আহমেদ এবং হাসান মুরাদ।