ফরিদপুরের বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আলোচনাসভা, র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 'সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি'র উপজেলা শাখার উদ্যোগে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়। সমিতির দুই জন অসুস্থ সদস্যকে চিকিৎসার জন্য সমিতির পক্ষ থেকে এদিন অনুদান প্রদান করা হয়।
শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর আব্দুল্লাহ আল ইমরান।
বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন আমিনা মামুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আমিনা জুয়েলার্সের সত্ত্বাধিকারী বীরমুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুল আলম মামুন, অনারারী ক্যাপ্টেন (অব) শরীফ গোলজার রহমান, অনারারী ক্যাপ্টেন (অব) সৈয়দ কামরুজ্জামান ও ওয়ারেন্ট অফিসার কাজী এনামুল হক। সিনি. ওয়া. অফিসার (অব.) বীর মুক্তিযোদ্ধা মো. ওসমান আলীর সভাপতিত্বে এবং সার্জেন্ট মো. চুন্নু বিশ্বাস ও সার্জেন্ট মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব) মোল্যা মনিরুজ্জামান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট কোরবান আলী, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈনিক (অব.) মো. রবিউল খাঁন, বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব) আকরাম হোসেন, নৌবাহিনীর (অব) মাজেদুর রহমান, বিজিবির অনারারি অফিসার (অব) আনোয়ার হোসেন, পুলিশের সাবেক পরিদর্শক রুস্তম মিয়া, অবসরপ্রাপ্ত আনসার সদস্য কুদ্দুস মোল্যা প্রমুখ।
প্রধান অতিথি মেজর আব্দুল্লাহ আল ইমরান তার বক্তব্যে বলেন, আজকের দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে মর্যাদাপূর্ণভাবে সারা দেশেই রাষ্ট্রীয়ভাবে পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সেনাকুঞ্জে বিরাট অনুষ্ঠান পালন করা হয়। বোয়ালমারীতেও এত সুন্দর অনুষ্ঠান দেখে আমার ভালো লেগেছে।
উপস্থিত অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সদস্যদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, সমাজে ভালো কাজ করলে, ভালো কথা বললে সবাই ভালোবাসে। অস্বচ্ছভাবে কিছু অর্জন করার মধ্যে ক্রেডিটের কিছু নাই। আপনারা ভালো কিছু করেন, মানুষ আপনাদের ডাকবে। আপনারা একত্রিত থাকলে অনেক কিছু করতে পারবেন।