কমলগঞ্জে খাসিয়াদের ঐতিহ্যবাহী ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব শনিবার

রাত পোহালেই আগামীকাল শনিবার (২২ নভেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জে আধিবাসী খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় অনুষ্ঠান পালিত হবে। কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে। খাসিয়াদের ভাষায় এই অনুষ্ঠানের নাম ‘খাসি সেং কুটস্নেম’। এ বছর ১২৬তম বর্ষবিদায় ও ১২৭তম নতুন বছরকে বরণ করবে খাসিয়া সম্প্রদায়।

বর্ষবিদায় অনুষ্ঠানে খাসিয়ারা তাদের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে আদি পাহাড়ি নৃত্য ও গান করেন। পাশাপাশি তাদের জীবিকার প্রধান উৎসব জুম চাষের এবং জীবন-জীবিকার বিভিন্ন পদ্ধতি নৃত্যের মাধ্যমে তুলে ধরেন।

খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারছিয়াং দেশ রূপান্তরকে বলেন, ‘খাসি সেং কুটস্নেম’ সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। উৎসব উপলক্ষে খাসি সোশ্যাল কাউন্সিল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে থাকছে সবার অংশগ্রহণে ঐতিহ্যগত খেলা, ঐতিহ্যগত পোশাক পরিধান, সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী খাবারসহ আরও অনেক কিছু। মেলায় খাসিয়া জনগোষ্ঠীর মানুষ বসবেন বাহারি পণ্যের পসরা নিয়ে। বিভিন্ন স্টলে খাসিয়াদের ঐতিহ্যবাহী পোশাক, পান, তীর, ধনুকসহ বাঁশ-বেতের জিনিসপত্র থাকবে।

মাগুরছড়া পুঞ্জির মান্ত্রী ও খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি জিডিশন প্রধান সুছিয়াং বলেন, সিলেটে প্রায় ৯০টির মতো খাসিয়া পুঞ্জি রয়েছে। প্রায় প্রত্যেকটি পুঞ্জি থেকেই এখানে এসে সবাই উৎসবে যোগ দেবেন। খাসিয়া সম্প্রদায়ের পাশাপাশি এই অনুষ্ঠানে বাঙালি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ দেশি-বিদেশি পর্যটক আসেন।