ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের বাস রোড এলাকায় ভূমিকম্পে একটি সাত তলা ভবন পাশের আরেকটি সাত তলা ভবনের উপর হেলে পড়ার খবর পাওয়া গেছে । এ ঘটনায় দুই ভবনের ভাড়াটিয়ারা বাসার নিচে অবস্থান নিয়েছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০.৩৮ মিনিটে ভূমিকম্পে জিনজিরা বাস রোড এলাকার সাত্তার কসাইয়ের সাত তলা ভবনটি পাশের মো. ভুট্টো মিয়ার সাত তলা ভবনের উপর হেলে পড়ে। এ সময় দুটি বাড়ির লোকজন জীবন রক্ষার জন্য দৌড়ে নিচে নামে অবস্থান নেয়। এ সময় হুড়োহুড়িতে কয়েকজন সামান্য আহত হন।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, সাত্তার মিয়ার বাড়িটি ইঞ্জিনিয়ারিং প্ল্যান ছাড়া ওস্তাগারের মাধ্যমে তিন তলা ফাউন্ডেশন দিয়ে ভবনটি নির্মাণ করেন। ভবনটি তিন তলা নির্মাণের উপযুক্ত হলেও সাত্তার কসাই ভাড়া খাওয়ার লোভে সাত তলা ভবন নির্মাণ করেন। পাশের ভবন গুলো তার জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই ভবন তৈরির সময়ই তাকে বলা হয়েছিল তিন তলা ফাউন্ডেশনের উপর সাত তলা ভবন তৈরি করা ঠিক হবে না।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, ভূমিকম্পে সাত তলা ভবন হেলে পড়ার বিষয়ে তথ্য পেয়েছি। এখন পর্যন্ত কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি।