নরসিংদীতে ভূমিকম্পে নিহত ২, আহত শতাধিক

ভূমিকম্পে নরসিংদীর পৃথকস্থানে শিশুসহ দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসময় জেলার ছয়টি উপজেলায় প্রায় শতাধিক আহত হন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গাবতলি এলাকায় ও পলাশ উপজেলার মালিতা গ্রামে মৃত্যু ঘটনা ঘটে।

মৃতরা হলেন ১২ বছরের বয়সী ওমন ও ৭৫ বছর বয়সী কাজম আলী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে ভূমিকম্পে সদর উপজেলার গাবতলি এলাকায় নির্মাণধীন ভবনের দেয়াল ধসে ওমর এক শিশুর মৃত্যু হয়। একই সময় পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামের কাজম আলীর মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। এছাড়া নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনূভুত হয়েছে। যার উৎপত্তিস্থল নরসিংদী সদর উপজেলার মাধবদীতে।

ভূমিকম্পে বড় কোনো ভবন ধসের ঘটনা না থাকলেও ছোট ছোট ফাটল দেখা দিয়েছে বহু ভবন ও বাড়ি-ঘরে। এছাড়া জেলার বিভিন্ন স্থানের ভবন থেকে নামার সময় অন্তত শতাধিত নারী-পুরুষ শিশু আহত হন। আহত অনেকেই নরসিংদী সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতেও দেখা গেছে। এদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন কাজম আলীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এবিষয়ে পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, ভূমিকম্পে জেলায় বিভিন্ন জায়গায় আহত হওয়ার খবর পেয়েছি। আমরা একজনের মৃত্যুর খবর পেয়েছি। যেকোন দুযোগে জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে রয়েছে। তাদের নিরাপত্তায় সচেষ্ট রয়েছে।