ভূমিকম্পের কারণে ভয়ে ও আতঙ্কে মাগুরায় একটি গার্মেন্টেসের প্রায় শতাধিক নারী ও পুরুষকর্মী অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভূমিকম্প অনুভুত হলে মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে অবস্থিত স্টাইলস্মিথ স্যান এ্যাপারেলস লিমিটিটেড গার্মেন্টেসে এ ঘটনা ঘটে। প্রায় শতাধিক পোশাককর্মী অসুস্থ হয়েছে বলে দাবি করেন তারা।
পোশাককর্মী আল আমীন জানান, সকাল সাড়ে ১০টার দিকে মাগুরায় ভূমিকম্প অনুভুত হলে কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এসময় তারা প্রাণভয়ে গার্মেন্টসের দ্বিতীয়তলায় কর্মরতরা দ্রুত ভবন থেকে রাস্তায় নেমে আসেন। এ সময় অনেক নারী কর্মীর মাথা ঘোরা ও বমি শুরু হলে তারা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অসুস্থদের মধ্যে ২০জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ২৮ জন অসুস্থ কর্মীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরেকজন কর্মী শাহিনা আক্তার বলেন, প্রতিদিনের মত শুক্রবার আমরা সকালে কাজে যোগদান করি। সকাল সাড়ে ১০টার দিকে ভূমিকম্পে গার্মেন্টস ভবন কেপে ওঠে। এসময় আমরা ভবনের দ্বিতীয় তলা থেকে রাস্তায় নেমে আসি। তখন আমরা স্বাভাবিক ছিলাম। কিছুক্ষণ পর আমরা আবার কাজে ফিরে যাই। তখন ভয়ে এবং আতঙ্কে অনেকেই বমি এবং মাথা ঘুরে পড়ে যায়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাজমুস সাকিব জানান, অনেক লোক একসাথে কাজ করছিলেন। ভূমিকম্পের কারণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন তারা। এই আতঙ্ক সবার মাঝে ছড়িয়ে গিয়ে ম্যাস হিস্টিরিয়া হয়েছে। রোগীদের মধ্যে আতঙ্ক কাজ করায় এই সমস্যা হয়েছে। তবে কারো শরীরে বড় ধরণের কোন আঘাতের চিহ্ন নেই। সময়ের সাথে অসুস্থ রোগীর সংখ্যাও বাড়তে থাকে।
গার্মেন্টসের প্রশাসনিক প্রধান মো. আমান উল্লাহ বলেন, যখন ভূমিকম্প অনুভুত হয়, তখন কর্মীরা বাইরে চলে আসে। আমি বাইরে এসে কর্মীদের সাথে কথা বলি। তখন কর্মীরা জানায় আমাদের কোন সমস্যা নেই আমারা কাজে যোগদান করব। তখনও কর্মীদের কোন সমস্যা ছিল না। কিন্ত এর কিছু সময় পর আতঙ্কের কারণে অনেকে অসুস্থ পড়লে তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে ভবনের কোনো ক্ষতি হয়নি। ফায়ার সর্ভিসের সদস্যরা ও শ্রীপুর থানার পুলিশের পক্ষ থেকে গার্মেন্টস পরির্দর্শন করেছেন। তাতে তারা গার্মেস্টের ভবনের কোন ক্ষয়ক্ষতি দেখতে পাননি।
মাগুরা শ্রীপুর উপজেলা ফায়ার স্টেশন কর্মকর্তা সামসুর রহমান বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে ৫ দশমিক ২ মাত্রায় ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমরা পোশাক শ্রমিকদের উদ্ধারে যাই। সেখানে আতঙ্কিত হয়ে অনেক শ্রমিক অসুস্থ হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে উদ্ধার করে শ্রীপুর ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা সদর হাসপতালে নিয়ে যান। তবে এ ভূমিকম্পে বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মামুনুর রশীদ বলেন, শ্রীপুরের ওই গার্মেন্টসে ভূমিকম্পে সময় আতঙ্কে জ্ঞান হারিয়ে এই অসুস্থতার ঘটনা ঘটেছে। তারা সবাই এখস সুস্থ। তবু পর্যবেক্ষণে রাখা হয়েছে।