দীর্ঘ ৩৮ বছরের অপেক্ষার প্রহর শেষ হলো। রোজারিও সেন্ট্রাল অবশেষে ঘরে তুলল ২০২৫ আর্জেন্টাইন প্রফেশনাল লিগের শিরোপা। ১৯৮৭ সালের পর ক্লাবটির প্রথম লিগ শিরোপা এটি। আর রোজারিও সেন্ট্রালের ‘ঘরের ছেলে’ ২০২২ বিশ্বকাপজয়ী আনহেল ডি মারিয়ার জন্য এটা ছিল ক্যারিয়ারের প্রথম আর্জেন্টাইন ঘরোয়া লিগের শিরোপা।
স্থানীয় সময় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আর্জেন্টাইন প্রফেশনাল লিগ কমিটি নিশ্চিত করেছে—সিজনের মোট পয়েন্টের ভিত্তিতে রোজারিও সেন্ট্রালই ২০২৫ সালের চ্যাম্পিয়ন। অ্যাপার্টুরা ও ক্লাসুরা—দুটি পর্বের সবগুলো ম্যাচ মিলিয়ে মোট পয়েন্ট হিসেব করে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হয়। অ্যাপার্টুরা পর্বে রোজারিও সংগ্রহ করেছে ৩৫ পয়েন্ট, ক্লাসুরা পর্বে ৩১ পয়েন্ট। মোট ৬৬ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করে ডি মারিয়ার দল।
৩৭ বছর বয়সে নিজের শৈশবের ক্লাবে ফিরে এসেছিলেন ডি মারিয়া। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ের পর ক্যারিয়ারের শেষদিকে তিনি ক্লাবটিকে নিয়ে গেলেন সাফল্যের শিখরে। ক্লাবের পক্ষ থেকে শিরোপা গ্রহণ করেন ক্লাব সভাপতি গনসালো বেলোসো, সহসভাপতি ক্যারোলিনা ক্রিস্টিনজিয়ানো, কোচ এরিয়েল হলান, ডি মারিয়া ও গোলরক্ষক হর্হে ব্রাউন।
১৯৮৭ সালের পর প্রথম লিগ শিরোপা সমর্থকদের কাছে এটি যেন স্বপ্নপূরণের মতোই। আর সেই স্বপ্নপূরণের বড় নায়ক ডি মারিয়া, যিনি বললেন—“শৈশবের ক্লাবে ফিরে এসে তাদের আবার শিরোপা এনে দিতে পারা আমার ক্যারিয়ারের সবচেয়ে বিশেষ মুহূর্ত। সমর্থকেরাও নিশ্চয়ই অনেক খুশি।’ পরবর্তী সময়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘পুরোপুরি প্রাপ্য।’