বিএনপির প্রার্থিতা পরিবর্তনের দাবিতে গোবিন্দগঞ্জে মশাল মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের বিএনপি'র প্রার্থী শামীম কায়সার লিংকনের প্রার্থিতা পরিবর্তনের দাবিতে মশাল মিছিল হয়েছে।

শুক্রবার (২১) সন্ধ্যায় উপজেলার বিশুবাড়ি এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে বিশুবাড়ী সড়ক হয়ে কাটা খালি সেতুর কোরিয়ান গেট হয়ে বালুয়া বাজার এসে শেষ হয়। ধানের শীষের মনোনয়ন জনসম্পৃক্ত ত্যাগীর জন্য চূড়ান্ত হোক, করতে হবে-স্লোগানে 'আমরা ধানের শীষ পরিবারের' ব্যানারে এই কর্মসূচির আয়োজন করে। মিছিলে সহস্রাধিক নেতা কর্মী অংশ নেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দলের দুর্দিনে মাঠে ছিলেন না শামীম কায়সার লিংকন। বিগত বছরে বিএনপির নেতাকর্মীদের নামে অনেক মিথ্যা মামলা রয়েছে। অনেকেই সংসার পরিবার রেখে পালিয়ে থেকেছে। কিন্তু লিংকনের নামে মামলা হয়নি গত ১৭ বছরে। তাদের দাবি, শামীম কায়সার লিংকনের প্রার্থীতা পরিবর্তন করে দলের ত্যাগী কোনো নেতাকে মনোনয়ন দেওয়া হোক।

এর আগে একই দাবিতে ১৮ নভেম্বর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপির এক অংশ।

এছাড়া লিংকনের প্রার্থীতা বাতিলের দাবি জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর একটি আবেদন করেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এতে উল্লেখ করা হয়, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকন ১/১১-তে দল এবং জিয়া পরিবারের বিপক্ষে অবস্থান নিয়ে অকথ্য ভাষায় গালিমন্দ করেছিলেন এবং ছাত্রদল ভেঙে সংস্কারপন্থীর পক্ষে নেওয়ার দায়িত্ব গ্রহণ করেছিলেন।

২০০৮ সালে দলের সিদ্ধান্তের বাহিরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে দল থেকে বহিস্কার হয়েছিলেন। ২০১৮ সালে নির্বাচনের সময় দলের ডাকে সারা না দিয়ে মালেশিয়ায় অবস্থান করেন। গত ১৮/১৯ বছরে গোবিন্দগঞ্জ না গিয়ে মালয়েশিয়া এবং ঢাকায় থেকে চাকরি এবং ব্যবসা করে আরাম-আয়েশে জীবন-যাপন করেছেন।

আন্দোলন সংগ্রামে যুক্ত না থাকায় তার বিরুদ্ধে একটি মামলাও হয়নি। তারপরও তাকে দলে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই তার মনোনয়ন পরিবর্তন করে ত্যাগী নেতাদের দলীয় মনোনয়ন প্রদানের দাবি জানান তারা।

৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি'র সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে দলীয় মনোনয়ন দেয় দলটি।

এর পর থেকে এই আসনে বিএনপির মনোনয়ন চেয়ে আসা নেতাদের সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তখন থেকে তারা নানা কর্মসূচি পালন করে আসছে।