যুক্তরাষ্ট্রের মায়ামিতে প্যাডেল সেশন শেষে এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। জনপ্রিয় বিলাসবহুল ঘড়ি নিয়ে তাকে এক উদ্ভট প্রশ্ন করে বসেন একজন ইনফ্লুয়েন্সার জিভ তামির, যিনি ‘জিভ দ্য ওয়াচ গাই’ নামে পরিচিত। সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।
প্যাডেল ম্যাচ শেষে আন্তোনেলার হাতে থাকা প্রায় ২০ হাজার ৫০০ পাউন্ড মূল্যের টিফানি অ্যান্ড কোংয়ের ঘড়িটি দেখে তামির শুরুতে প্রশংসা করেন। এরপর আন্তোনেলার কাছে তিনি জানতে চান- ‘আপনি জীবিকার জন্য কী করেন?’ আসলে জিভ তামির তার ভিডিওগুলোতে মূল্যবান ঘড়ি ব্যবহারকারীদের এই প্রশ্নটা করে থাকেন। তাই বলে আন্তোনেলা?
বিশ্ব ফুটবলের সবচেয়ে পরিচিত মুখগুলোর একজনের স্ত্রীকে চিনতে না পেরে এমন প্রশ্ন করায় প্রথমে হতভম্ব হয়ে যান আন্তোনেলা। তিনি হাসিমুখে বন্ধুর দিকে তাকান, বন্ধু তাকে স্প্যানিশ ভাষায় কিছু একটা বলেন। কিন্তু আন্তোনেলা সরাসরি কোনো উত্তর না দিয়ে ক্যামেরার দিকে হাসি ও থাম্বস-আপ দেখিয়ে ভদ্রভাবে কথোপকথন শেষ করেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।
ইন্টার মায়ামিতে আসার পর থেকেই ক্লাবটিকে বদলে দিয়েছেন লিওনেল মেসি। এক সময় এমএলএসের মাঝারি মানের দলটি এখন তার হাত ধরেই জিতেছে ২০২৩ লিগস কাপ ও ২০২৪ সাপোর্টার্স শিল্ড—ক্লাবের ইতিহাসের প্রথম দুই ট্রফি। ২০২৪ সালে মেসি রেকর্ড ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে এমএলএস গোল্ডেন বুট জেতেন। একটি ম্যাচে পাঁচটি অ্যাসিস্ট করে নতুন রেকর্ডও গড়েন আর্জেন্টাইন কিংবদন্তি।
তবুও মেসি সম্প্রতি জানিয়েছেন, তিনি ও তার পরিবার বার্সেলোনায় ফিরতে চান। স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন— ‘আমরা বার্সেলোনাকে খুব মিস করি। কয়েক বছর পর অবশ্যই ফিরে যাব, স্টেডিয়ামে সাধারণ দর্শকের মতো বসে ম্যাচ দেখব।’ যদিও বার্সেলোনা সভাপতি হোয়ন লাপোর্তা স্পষ্ট করে বলেছেন—বর্তমানে ক্লাব অতীত নিয়ে বাঁচতে চায় না।