ব্রাজিল দলে আর্জেন্টাইন গোলকিপার? আনচেলত্তির মন্তব্যে তোলপাড়!

আর্জেন্টাইন গোলরক্ষক আগুস্তিন রসিকে ব্রাজিল দলে ডাকের সম্ভাবনা নিয়ে চমকপ্রদ মন্তব্য করলেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। তিনি ব্রাজিলিয়ান পত্রিকা ‘ফোলহা’কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, যোগ্যতা পূরণ করলে বিদেশে জন্ম নেওয়া ফুটবলারদের দলে নিতে তার কোনো আপত্তি নেই।

ফ্লামেঙ্গোর হয়ে দুর্দান্ত ফর্মে থাকা রসি বর্তমানে ব্রাজিলীয় ফুটবলের অন্যতম আলোচিত নাম। তবে ব্রাজিলের নাগরিকত্ব পেতে তার আরও আড়াই বছর অপেক্ষা করতে হবে। এর আগে রসি নিজেও গণমাধ্যমকে বলেছিলেন—তিনি আর্জেন্টিনা দলে ডাক পাওয়ার আশা করছেন। তবে সুযোগ পেলে ব্রাজিল জাতীয় দলের প্রতিনিধিত্ব করতেও তার কোনো আপত্তি নেই।

আনচেলত্তির কাছে সাংবাদিক আন্দ্রে ফন্তেনেলি জানতে চান—‘বিদেশি ফুটবলারদের ব্রাজিল দলে ডাকবেন কি? বিশেষ করে ফ্লামেঙ্গোর গোলকিপার রসিকে?’ জবাবে আনচেলত্তি বলেন, ‘নিয়ম মেনে হলে কোনো সমস্যা নেই। ব্রাজিলীয় নাগরিকত্ব থাকলে আমি যেকোনো খেলোয়াড়কেই ডাকতে পারি। আমরা এখন শুধু যাদের খেলানোর মতো অবস্থা, তাদের নিয়েই ভাবছি।’

ফ্ল্যামেঙ্গোতে আর্জেন্টাইন গোলরক্ষক রসি যোগ দেওয়ার পর থেকে ক্লাবটি জিতেছে চারটি শিরোপা। এর মাঝে আছে দুটি কাম্পিওনাতো কারিওকা, একটি কোপা দো ব্রাজিল এবং একটি সুপারকোপা দো ব্রাজিল ট্রফি। রসি এখন আরও বড় সাফল্যের অপেক্ষায় আছেন। আগামী ২৯ নভেম্বর কোপা লিবার্তাদোরেস ফাইনালে পালমেইরাসের বিপক্ষে শিরোপার জন্য লড়বে ফ্লামেঙ্গো। পাশাপাশি ব্রাজিলের লিগ শিরোপাও হাতছানি দিচ্ছে।