ভক্তদের চমকে দিলেন রিয়াল মাদ্রিদের সাবেক স্প্যানিশ ফুটবল তারকা সের্হিও রামোস। মাঠের কাঠখোট্টা ডিফেন্ডার হিসেবে পরিচিত রামোস হঠাৎই দেখা দিলেন একদম উল্টো চরিত্রে—টেইলর সুইফটের জনপ্রিয় গান ‘শেইক ইট অফ’ এর তালে দেখিয়েছেন নিজের নৃত্য। তার সেই নাচের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গেছে।
৩৯ বছর বয়সী এই তারকা বর্তমানে মেক্সিকোর ক্লাব মনতেরেইতে খেলছেন। ক্লাবটির হয়ে রামোস নতুন রেকর্ডও গড়েছেন। ২০২৫ ক্লাব বিশ্বকাপে ইন্টার মিলানের বিপক্ষে গোল করে তিনি হয়েছেন টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলদাতা। তার বয়স ছিল ৩৯ বছর ৮০ দিন। সেখান থেকেই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন মাত্র কয়েক সেকেন্ডের নাচের সেই ভিডিও।
ভিডিওতে দেখা যায়, ক্রিম রঙের শার্ট পরে রামোস তাল মিলিয়ে নাচছেন। মাঝে স্ত্রী পিলার রুবিও ও এক নারী বন্ধুর পেছনে রসিকতার ভঙ্গিতে আলতো স্পর্শও করেন। এরপর ক্যামেরার দিকে দৌড়ে এসে আবার নেচে ওঠেন। মাত্র কয়েক ঘণ্টায় ভিডিওটিতে লাইক পড়ে ২ লাখ ৭০ হাজারের বেশি। মাঠে যিনি ছিলেন ভয়ঙ্কর সেন্টার-ব্যাক, ভিডিওতে তাকে দেখে অনেকেই মন্তব্য করছেন—‘রামোসের এমন রূপ কখনও দেখিনি!’
২০১৯ সালে স্প্যানিশ টিভি উপস্থাপক পিলার রুবিওকে বিয়ে করেন রামোস। তাদের চার সন্তান রয়েছে। মেক্সিকোয় নতুন জীবনে পরিবারের সঙ্গেই বেশ সময় কাটাচ্ছেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে ১৬ বছরের ক্যারিয়ার ৬৭১ ম্যাচে ১০১ গোল করেছেন। জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। রামোসের প্রিয় ক্লাবটির নামও আছে টেইলর সুইফটের একটা গানে— ‘They want a contract with Real Madrid.’
মেসির স্ত্রীকে প্রশ্ন- ‘আপনার জীবিকা কী?’ অতঃপর…
জানুয়ারিতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি