ঝিনাইদহ সদর উপজেলার বাকড়ি গ্রামে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২২ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গ্রামের রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল শুক্রবার। ওই অনুষ্ঠানে প্রতিবেশী শাহিন উদ্দিনকে আমন্ত্রণ না দেওয়ায় রাতে উত্তেজনা সৃষ্টি হয়।
এর ধারাবাহিকতায় শনিবার সকালে শাহিন উদ্দিন তার লোকজনসহ রফিকুলের বাড়িতে গিয়ে হামলা চালায়। পরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষ মিলিয়ে অন্তত ১০ জন আহত হন।
ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ওসি আব্দুল্লাহ আল মামুন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।