বিস্ফোরক সেঞ্চুরিতে সৌম্য সরকারের ক্যারিয়ারসেরা ইনিংস

দারুণ ফর্মে আছেন সৌম্য সরকার। চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ময়মনসিংহ বিভাগের বিপক্ষে খুলনা বিভাগের হয়ে হাঁকালেন বিস্ফোরক সেঞ্চুরি। শুধু তাই নয়, টেস্ট এবং ঘরোয়া মিলিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে সর্বোচ্চ ইনিংসটাও খেলে ফেললেন জাতীয় দলের এই তারকা।

আজ শনিবার খুলনা বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক দল। ওপেনিংয়ে নেমে এনামুল বিজয় আউট হন ৩২ বলে ১৪ রান করে। তবে অপর ওপেনার সৌম্য ছিলেন দারুণ ছন্দে। ৬৬ বলে ফিফটি পূরণের পর তিনি ছুটতে থাকেন। ১১৩ বলে ১৩ চার এবং ২ ছক্কায় তুলে নেন প্রথম শ্রেণির ক্যারয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি। ছক্কা মেরে পৌঁছে যান তিন অংকে। ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে দেড়শ স্পর্শ করেন ১৫১ বলে। বাউন্ডারির তালিকায় যুক্ত হয় আরও ৭টি চার এবং ৩টি ছক্কা।

এতদিন ৯৫ ম্যাচের ১৬৫ ইনিংস খেলা সৌম্যর প্রথম শ্রেণিতে সর্বোচ্চ ইনিংস ছিল ১৫০ রানের। ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তিনি ইনিংসটি খেলেছিলেন। ওই বছরই সর্বশেষ টেস্ট খেলা এই ব্যাটসম্যানের জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১৪৯ রান করেছিলেন। এবার নিজেকেই ছাড়িয়ে গেলেন সৌম্য। দারুণ এই ইনিংসটাকে তিনি কোথায় নিয়ে যান- সেটাই এখন দেখার।