কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিনে আব্দুল গণি নামে এক জেলের জালে ৩২ কেজি ওজনের একটি পোপা মাছ ধরা পড়েছে। মাছটির দাম ১২ লাখ টাকা হাঁকানো হলেও এখনও তা বিক্রি হয়নি। শনিবার (২২ নভেম্বর) সকালে সেন্টমার্টিনের সাগরে পোপা মাছটি ধরা পড়ে।
সেন্টমার্টিনের পশ্চিমপাড়ার বাসিন্দা জেলে আব্দুল গণি জানান, প্রতিদিনের মতো ট্রলার নিয়ে সকালে সাগরে মাছ ধরতে বের হন। এক পর্যায়ে তার জালে বড় আকৃতির একটি পোপা মাছ ধরা পড়ে। মাছটির ওজন ৩২ কেজি। তিনি মাছটির মূল্য ১২ লাখ টাকা হাকালেও ক্রেতারা ৬ লাখ চাওয়ায় এখনও বিক্রি করা হয়নি।
তিনি জানান, গত কয়েক বছর ধরে তার জালে একের পর এক বড় বড় পোপা মাছ ধরা পড়ছে। যেকারণে স্থানীয়রা তাকে ‘পোয়া গণি’ নামে ডাকেন।
টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, পোপা মাছের পেটের ভেতর ‘পদনা’ নামে একটি বিশেষ অংশ থাকে, যাকে স্থানীয়ভাবে ‘ফুলা’ বলা হয়। এই পদনা শুকিয়ে ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি হয়। সে কারণে পোয়া মাছের দাম ও চাহিদা সাধারণের তুলনায় অনেক বেশি।