মুক্তিপণ না দেওয়ায় ট্রলার মাঝিকে হত্যা, মেঘনা থেকে লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা খেয়া ঘাট থেকে অপহরণের তিন দিন পর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন মেঘনা নদী থেকে ট্রলার চালক আরিফ হোসেন সরকারের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মুক্তিপণ না দেওয়ায় খেয়া ঘাটের মাঝি আরিফুল ইসলাম সরকারকে হত্যা করা হয়েছে। গত বুধবার (১৯ নভেম্বর) রাতে অপহরণের শিকার হন আরিফুল ইসলাম। পরে তার পরিবারের কাছে অপহরণকারীরা সর্বশেষ চল্লিশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

শনিবার (২২নভেম্বর) বিকাল তিনটার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের আশ্রয়ন প্রকল্প সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক নুরুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি, গলায় রশি বাঁধা ও পেটে কোপের চিহ্ন রয়েছে। শরীরে ফুল হাতা গেঞ্জি পরিহিত। ধারণা করা হচ্ছে লাশটা ৪-৫দিন যাবৎ ভাসমান অবস্থায় ছিল।

এ ব্যপারে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাঈফ উদ্দিন আরিফের মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহত আরিফ উপজেলার খাগকান্দা ইউনিয়নের খাগকান্দা সরকার বাড়ির মৃত সাইজুদ্দিন সরকারের ছেলে। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাঈফ উদ্দিন জানান, মেঘনা নদীর মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার রায়পুরা এলাকা থেকে চালিভাঙ্গা নৌ ফাঁড়ি পুলিশের সহযোগিতায় আরিফের মরদেহ উদ্ধার করেছে।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মোহাম্মদ আলী জানান, দুপুরের দিকে নদীতে কচুরিপানার মাঝে লাশটি ভাসতে দেখে তারা কুমিল্লার চালিভাঙ্গা নৌ-পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশের ইনচার্জ শরজিৎ কুমার জানান, এলাকাটি চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির কাছাকাছি হওয়ায় তারা উদ্ধার করেছে।