কুষ্টিয়া-৪ আসনে শেখ সাদীর র‍্যালি ও গণসংযোগে জনতার ঢল

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বিএনপি নেতা শেখ সাদীর বিশাল র‍্যালি ও গণসংযোগে জনতার ঢল নেমেছে। কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এশিউর গ্রুপের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি শেখ সাদীর নিয়মিত গণসংযোগে এটা এখন নিয়মিত চিত্র।

কুষ্টিয়া-৪ আসনে দলীয় এমপি প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ এবং প্রচারের জন‍্য গণসংযোগ, বিশাল র‍্যালি ও শোডাউন করেন শেখ সাদী।

শনিবার কুষ্টিয়া-রাজবাড়ী জেলার সীমান্ত বিলজানি থেকে এই কর্মসূচি শুরু হয়। কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক দিয়ে র‍্যালিটি খোকসা থানার সামনে দিয়ে ঘুরে এসে জানিপুর বাসস্ট্যান্ডে পথ সভায় মিলিত হয়। সেখানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খানসহ স্থানীয় নেতৃবৃন্দ। এরপর কুমারখালীর বাসস্ট্যান্ড হয়ে প্রধান সড়ক দিয়ে শহরের কাজীপাড়ায় দ্বিতীয় পথসভায় বক্তব্য রাখেন শেখ সাদী।

এ সময় পৌর বিএনপির সভাপতি হাজী মনোয়ার হোসেন, হাফিজুর রহমান, যুবদল নেতা আতিকুর রহমান সবুজসহ কুমারখালী ও খোকসা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ র‍্যালি ও গণসংযোগে কয়েক হাজার মোটরসাইকেল, অটোরিকশা এবং ট্রাকসহ বিভিন্ন যানবাহন নিয়ে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়।

কুষ্টিয়া-৪ আসনে প্রতিদিন প্রতিটি গ্রাম ও মানুষের কাছে গিয়ে খোঁজখবর নেওয়া, মানুষের দাবি-দাওয়া শোনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন শেখ সাদী। মানুষের প্রতি এই আন্তরিকতা এবং সক্রিয় অংশগ্রহণে জনতার প্রত্যাশা ও আস্থা আরও দৃঢ় হয়েছে। এতে সবার মধ্যেই দলীয় প্রার্থীর মনোনয়ন পরিবর্তন নিয়ে আলোচনার ঢেউ উঠেছে।

শেখ সাদী বলেন, রাস্তা আজ জনসমুদ্রে ভরপুর। মানুষ নিজের ভবিষ্যৎ নিজের হাতে লিখতে চায়। খোকসা-কুমারখালীর মানুষের উচ্ছ্বাস, আস্থা ও ভালোবাসা আমাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। আপনাদের সাথে থাকাটাই আমার রাজনীতি, আমার শক্তি। হাজার হাজার জনতার এই বিপুল অংশগ্রহণ প্রমাণ করে পরিবর্তনের পথ তৈরি হয়ে গেছে। বাকি শুধু বিজয়—ইনশাআল্লাহ।

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা হাতে নিয়ে শেখ সাদীর নেতৃত্বেই কুষ্টিয়ার রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি হয়ে গেছে।

উল্লেখ্য, কুষ্টিয়া-৪ আসনে প্রাথমিকভাবে বিএনপির দলীয় এমপি মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক সাংসদ সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে। এই মনোনয়ন ঘোষণার পর থেকেই কুমারখালী-খোকসা উপজেলা বিএনপির শেখ সাদীর সমর্থক ও তৃণমূল নেতাকর্মীরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।