বিশ্বের বৃহত্তম ইসলামিক সংগঠনের নেতার পদত্যাগ দাবি

বিশ্বের বৃহত্তম ইসলামিক সংগঠন ইন্দোনেশিয়ার নাহদাতুল উলামা (এনইউ)-র চেয়ারম্যান ইয়াহিয়া চোলিল স্টাকুফ পদত্যাগের চাপের মুখে রয়েছেন। অভিযোগ, গাজা যুদ্ধের সময় তিনি এক মার্কিন গবেষককে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন।

রয়টার্সের পর্যালোচনার তথ্য অনুযায়ী, স্টাকুফকে তিন দিনের মধ্যে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ মেনে না চললে তাকে পদচ্যুত করা হবে। আমন্ত্রিত ওই গবেষক ডেভিড বারকোভিটজকে ‘জিওনিস্ট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত’ বলে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের পক্ষে লেখা প্রকাশ এবং আর্থিক অনিয়মের অভিযোগও রয়েছে।

বারকোভিটজ এনইউর সেমিনারে বক্তব্য দিয়েছিলেন এবং বিভিন্ন লেখার মাধ্যমে গাজায় ইসরায়েলের অভিযানকে সমর্থন করেছেন। এ ঘটনা এনইউর ভেতরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

ইউর চেয়ারম্যান স্টাকুফ দাবি করেছেন, আমন্ত্রণটি ভুলবশত হয়েছে এবং তিনি ইসরায়েলের বিরুদ্ধে গাজায় বর্বর গণহত্যার নিন্দা জানিয়ে আসছেন।

১৯২৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ১০ কোটি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ার সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। দেশটি ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে সরব হয়েছে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় ৬৯ হাজার ৫৪৬ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৮৩৩ জন আহত হয়েছেন।