গাজীপুরের শিমুলতলীতে বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় সিগারেটে দাম দেওয়াকে কেন্দ্র করে ক্রেতাকে মারধরের জেরে ব্যাপক ভাঙচুর চালায় স্থানীয়রা। এসময় ২০ জন আহত হন। শনিবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে শিমুলতলীর আর্মী ফার্মা মাঠে অনুষ্ঠিত মেলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মেলাস্থলে দোকানে প্রতিপিস সিগারেট নির্ধারীত বিক্রয়মূল্য চেয়ে বেশি নেওয়া হয়। রাত ১০টায় দিকে এক দোকানের সিগারেট ক্রেতা বাড়তি মূল্য দিতে অস্বীকার করায় দোকানদার ও মেলা কর্তৃপক্ষের লোকজনের বাকবিতণ্ডার এক পর্যায়ে ওই ক্রেতাকে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে মেলায় হামলা চালায়। এসময় তারা মেলার দোকনপাট , লাটারির প্যান্ডেল , মেলার অফিসসহ সমস্ত স্থাপনা ভেঙে দেয়। ভাঙচুরের সময় মেলার দর্শনার্থীরা হুড়োহুড়ি করে বের হওয়ার সময় অন্তত ২০ জন আহত হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে মেলা কর্তৃপক্ষের ঝামেলা হয়। এক পর্যায়ে মেলায় হামলা হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জানতে মেলা কর্তৃপক্ষের সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।