গাজীপুর 

পুলিশের চোখ ফাঁকি দিয়ে ডাকাতি মামলার আসামি চম্পট

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৯:২৫ পিএম

গাজীপুরে আদালতের গারদখানার সামনে থেকে সম্রাট নামের এক ডাকাতি মামলার আসামি পালিয়ে গেছে। 

সোমবার (২০ জুলাই) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার দুপুরে একটি ডাকাতি মামলার ছয় আসামিকে আদালতে উপস্থাপনের জন্য গারদখানায় নেওয়া হয়। গারদখানায় প্রবেশের পরপরই একাধিক ডাকাতি মামলার আসামি সম্রাট কৌশলে পালিয়ে যায়। ঘটনার পর থেকেই পুলিশ তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করলেও এখনো তাঁর কোনো সন্ধান মেলেনি।

পুলিশ জানায়, আসামিদের গারদখানায় নেওয়ার পর কক্ষে রেখে পুলিশ সদস্যরা বাইরে আসেন। তবে আসামি সম্রাটের হাত বেশ চিকন হওয়ায় মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে সে হাতকড়া খুলে পালিয়ে যেতে সক্ষম হয়। গারদখানার সিসিটিভি ফুটেজে তাকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা তাঁকে ধরতে পেছনে ছুটলেও শেষ পর্যন্ত তাঁকে ধরা সম্ভব হয়নি।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে গারদখানা থেকে আসামি পালিয়ে গেছে। সেখানে আমাদের থানা পুলিশ ও কোর্ট পুলিশ উপস্থিত ছিল। পালিয়ে যাওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারে আমাদের টিম কাজ করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত