আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট ছিল বাংলাদেশ তথা মুশফিকুর রহিমের জন্য বিশেষ এক উপলক্ষ। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এটাই ছিল তার শততম টেস্ট। আর ইতিহাসের একাদশ ক্রিকেটার হিসেবে শততম টেস্টে তিনি হাঁকান সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করে থাকেন অপরাজিত। সেই মুশফিকের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।
আজ রবিবার আইরিশদের ২১৭ রানে হারানোর পর পুরস্কার বিতরণী মঞ্চে মুশফিক বলেন, ‘আমি আরও খেলে যেতে চাই। সত্যিই প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। ১০০ ম্যাচ খেলার সুযোগ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার এবং এর প্রতিটি সেকেন্ডই আমি উপভোগ করেছি। ড্রেসিং রুম ভাগ করে নেওয়াটাও ছিল সৌভাগ্যের। আমি নিশ্চিত, দ্রুতই আমাদের একটি দুর্দান্ত দল গড়ে উঠবে।’
প্রথম ইনিংসে ১০৬ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫৩ রান করা মুশফিক আরও বলেন, ‘একজন তরুণ খেলোয়াড় হিসেবে নতুনদের গাইড করা আমার দায়িত্বের মধ্যেই পড়ে, যদিও আমি এখন আর ততটা তরুণ নই। আমি সবসময় আমার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করি। আশা করব, তারা (তরুণরা) শুধু আমার কাছ থেকেই নয়, সব খেলোয়াড়ের কাছ থেকেই অনেক কিছু শিখবে। (শততম টেস্টে) নতুন পাওয়া ক্যাপটার রংটা আরেকটু ঝলসাতে হবে।’