বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শ্রমজীবী মনুষেরাই হচ্ছে অর্থনীতির চালিকা শক্তি। আমরা সবাই শ্রমজীবী। একেক জন একেক জায়গায় শ্রম দিয়ে থাকি। বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে কি হবে তা ৩১ দফা কর্মসূচির মধ্যে দেওয়া আছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার নবাবগঞ্জ ডাকবাংলো মাঠে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নবাবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলাম। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, উপদেষ্টামণ্ডলীর সদস্য নজরুল ইসলাম ফতে, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও জেলা বিএনপির সদস্য আবু তাহের কারী।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী, শালখুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খাজা।
প্রধান অতিথি অধ্যাপক জাহিদ হোসেন দিনব্যাপী কয়েক এলাকায় গণসংযোগ ও সমাবেশ করেন। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নবাবগঞ্জ উপজেলা সদরসহ গোলাপগঞ্জ বাজার মাড়াষ এতিমখানা, শওগুনখোলা গ্রাম ও জিয়াকাঁঠাল শ্যামপুর গ্রামে পথসভা ও গণসংযোগ করেন তিনি।