আসামের বর্ষাপাড়া স্টেডিয়ামের যে উইকেটে প্রোটিয়ারা রীতিমতো রানের বন্যা বইয়ে দিয়েছে, সেই উইকেটেই ভারতীয় ব্যাটাররা সুবিধা করতে পারছে না। অতিথিদের ৪৮৯ রানের জবাবে ১০২ রান তুলতেই স্বাগতিকরা হারিয়েছে ৪ উইকেট। টপ অর্ডারের প্রথম চারজনই ফিরে গেছেন, যার মাঝে ফিফটি এসেছে যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে।
গতকাল রবিবার ম্যাচের দ্বিতীয় দিন প্রোটিয়াদের অল-আউট করে বিনা উইকেটে ৯ রান নিয়ে দিন শেষ করেছিল ভারত। আজ জয়সওয়াল এবং লোকেশ রাহুলের ওপেনিং জুটি গড়ায় ৬৫ রানে। ৬৩ বলে ২২ রান করা রাহুল কেশব মহারাজের শিকার হলে ধসের মুখে পড়ে ভারত। ৮৫ বলে ক্যারিয়ারের ত্রয়োদশ ফিফটি পূরণ করা জয়সওয়াল ফিরে যান ৫৮ রানে। তাকে মার্কো ইয়ানসেনের তালুবন্দি করেন হারমার।
এই টেস্টে সুযোগ পেয়ে তিনে নামা সাই সুদর্শন ৪০ বলে ১৫ রান করে হারমারের দ্বিতীয় শিকার হন। এরপর মার্কো ইয়ানসেন তুলে নেন ১১ বলে ‘ডাক’ মারা ধ্রুব জুরেলকে। ৩৭ রানের মধ্যে ৪ উইকেট হারায় ভারত। বর্ষাপাড়া স্টেডিয়ামের দিনের আলোর পার্থক্যের কারণে এখন চা বিরতি চলছে। ভারত এখনো পিছিয়ে আছে ৩৮৭ রানে। উইকেটে আছেন ভারপ্রাপ্ত অধিনায়ক রিশাভ পান্ত (৬*) এবং অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা (০*)।