আর্জেন্টিনা ক্লাব ফুটবলের টোরনিও ক্লাউসুরার শেষ ষোলোতে রোজারিও সেন্ট্রাল ও এস্তুদিয়ানতের ম্যাচ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ম্যাচ শুরুর আগে লিগ চ্যাম্পিয়ন সেন্ট্রালকে সম্মান জানাতে বাধ্যতামূলক ‘গার্ড অব অনার’ দিয়েছিল এস্তুদিয়ানতে। কিন্তু খেলোয়াড়রা দাঁড়িয়েছিলেন সেন্ট্রালের দিকে পিঠ ফিরিয়ে। সেই ম্যাচেই ১-০ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে এস্তুদিয়ানতে।
বিতর্কের সূত্রপাত লিগ কর্তৃপক্ষের সাম্প্রতিক সিদ্ধান্ত থেকে। মৌসুম জুড়ে সর্বাধিক পয়েন্ট পাওয়া দলকে বার্ষিক চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়—এ সিদ্ধান্তে লাভবান হয় রোজারিও সেন্ট্রাল। কিন্তু এস্তুদিয়ানতে এ সিদ্ধান্তকে ‘অবৈধ’ দাবি করে ক্ষোভ প্রকাশ করে। তাদের অভিযোগ, সিদ্ধান্তের জন্য কোনো আনুষ্ঠানিক ভোট হয়নি। তবে লিগ কমিটির পক্ষ থেকে জানানো হয়, সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমেই পাস হয়েছিল এবং সভায় এস্তুদিয়ানতের সহ-সভাপতি উপস্থিত ছিলেন।
ম্যাচের পর রোজারিও সেন্ট্রালের অন্যতম বড় তারকা এবং দলের প্রতিনিধি হিসেবে ট্রফি গ্রহণকারী আনহেল ডি মারিয়া বলেন, ‘এটা তাদের ব্যাপার। তারা এভাবে দাঁড়িয়ে গার্ড অব অনার দিল…. আমাদের একজন আগেই বলেছিল এমন কিছু হতে পারে। আমরা আমাদের মতো মাঠে ঢুকেছি। সিদ্ধান্তটা যারা চেয়েছিল তাদেরই জিজ্ঞেস করুন। আমাদের কোনো দোষ নেই। ইন্সতিতুতোর ম্যাচের পরই বলেছিলাম- আমরা নিজেদের চ্যাম্পিয়ন মনে করি।’
এস্তুদিয়ানতের সভাপতি হুয়ান সেবাস্তিয়ান ভেরনই দলকে প্রতীকী প্রতিবাদ করতে উৎসাহ দেন বলে অভিযোগ। তিনি খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে ‘উল্টো সম্মান-সারি’ দেওয়ার প্রস্তাব করেন বলে জানা গেছে। ম্যাচের পর সামাজিক মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের প্রতি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে সমর্থন জানিয়ে আরও বিতর্ক সৃষ্টি করেন। স্টেডিয়ামের চারপাশে সেন্ট্রালের সমর্থকরা ভারনকে লক্ষ্য করে নানা স্লোগান দেয়। এভাবেই শেষ হয় ঘটনাবহুল ম্যাচ।
মেসির রেকর্ড গড়ার রাতে ফাইনালে ইন্টার মায়ামি
কোনোমতে হার এড়িয়ে শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ
গৌহাটি টেস্ট জিততে ভারতকে রবি শাস্ত্রির অদ্ভুত এক পরামর্শ