দ্রাবিড়-ইউসুফ-ধোনিদের ছাড়িয়ে সালমান আগার বিশ্বরেকর্ড

পাকিস্তানের টি–টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আঘা ইতিহাস গড়ে এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। গতকাল রবিবার রাওয়ালপিন্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ টি–টোয়েন্টি ম্যাচটি ছিল তার চলতি বছরের ৫৪তম আন্তর্জাতিক ম্যাচ। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি এবং পাকিস্তানের সাবেক তারকা মোহাম্মদ ইউসুফকে।

১৯৯৯ সালের সর্বোচ্চ ৫৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন রাহুল দ্রাবিড়। এটাই এতদিন রেকর্ডের শীর্ষে ছিল। পরবর্তীতে ২০০০ সালে মোহাম্মদ ইউসুফ ও ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনি সেই সংখ্যা স্পর্শ করলেও কেউই দ্রাবিড়কে ছাড়িয়ে যেতে পারেননি। চলতি বছর পাঁচটি টেস্ট, ১৭টি ওয়ানডে ও ৩২টি টি–টোয়েন্টি খেলার মাধ্যমে সালমান এখন এক বছরে সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় এককভাবে শীর্ষে।

রেকর্ড গড়ার ম্যাচে ব্যাট হাতে সালমান অবশ্য ব্যাট হাতে বেশি কিছু করার সুযোগ পাননি। মাত্র দুই বল খেলে ১ রানে অপরাজিত থাকেন। ম্যাচে পাকিস্তানের ব্যাটিং আক্রমণ ছিল দাপুটে। বাবর আজম ৫২ বলে ৭৪ ও সাহিবজাদা ফারহান ৪১ বলে ৬৩ রান করেন। দুজন মিলে দ্বিতীয় উইকেটে গড়েন ১০৩ রানের জুটি। শেষ দিকে ফখর জামান মাত্র ১০ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেললে পাকিস্তান তোলে ৫ উইকেটে ১৯৫ রান। উসমান তারিকের ১৮ রানে ৪ উইকেটে ভর করে ৬৯ রানের জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।