ধর্মেন্দ্রর মৃত্যু, শ্মশানে ঘনিষ্ঠরা

শেষমেশ চলেই গেলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। জন্মদিনের মাত্র কয়েকদিন আগেই আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। দীর্ঘ অসুস্থতার পর অন্য সুরলোকে ভারতীয় সিনেমার ‘বীরু’। পরিবারের তরফে যদিও এখনও এই খবরে শিলমোহর দেয়নি। তবে ধর্মেন্দ্রর শেষ যাত্রায় মুম্বাইয়ের শ্মশানে এক-এক করে পৌঁছে যাচ্ছেন তার ঘনিষ্ঠরা। বলিউডের ‘হি ম্যান’কে শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন আমির খান। 

সবার চোখ-মুখে শোকের ছাপ। ‘বীরু’-কে শেষবারের মতো দেখতে পৌঁছে যান ‘জয়’ অমিতাভ বচ্চনও। ‘শোলে’ ছবির হাত ধরে বন্ধুত্বের নজির গড়েছিলেন তারা। আজ বন্ধুকে একা রেখে না-ফেরার দেশে পাড়ি ধর্মেন্দ্রর। অমিতাভের সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চনও। ধর্মেন্দ্র অসুস্থ হওয়ার পর থেকে তার সঙ্গে ঢালের মতো ছিলেন হেমা মালিনী। স্বামীর শেষবারের মতো দেখতে উপস্থিত তিনিও। সঙ্গে মেয়ে এষা দেওল। শাহরুখের সঙ্গে ধর্মেন্দ্রর রসায়নের কথা সকলেরই জানা। প্রিয় অভিনেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সেখানে পৌঁছে গেছেন অভিনেতা।