পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি পাকিস্তান সফরের পরিকল্পনা প্রকাশ করেছেন। সোমবার (২৪ নভেম্বর) সামাজিক মাধ্যম এক্সে তিনি পাকিস্তানকে বন্ধুসুলভ ও ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেছেন। 
 
লারিজানি আরও বলেছেন,জায়নবাদী সরকার ও যুক্তরাষ্ট্র কর্তৃক জুনে ইরানের উপর চালানো ১২ দিনের আক্রমণাত্মক যুদ্ধে পাকিস্তান জাতি যে সহায়তা দিয়েছিল, তা ইরানি জনগণ কখনও ভুলবে না। 

লারিজানি ইরান-পাকিস্তান সম্পর্কের কৌশলগত গুরুত্ব তুলে ধরে বলেছেন, নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই দুই দেশের ভূমিকাই গুরুত্বপূর্ণ । তিনি জোর দিয়ে বলেন, 'ইরান ও পাকিস্তান হল অঞ্চলটির টেকসই নিরাপত্তায় দুইটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দেশ। আমরা সবসময় আঞ্চলিক দেশগুলোর মধ্যে ভ্রাতৃতের সম্পর্ককে গুরুত্ব দেই'।