মার্কিন হামলায় ইরানের জাস্ক কাউন্টির উপকূলীয় বুঞ্জি গ্রামে পানি লবণাক্ততামুক্ত করার (ডেসালিনেশন) পাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে প্রায় ১০ হাজার মানুষের বসবাস থাকা ২০টি গ্রামের সুপেয় পানি সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার (১৮ জুলাই) হরমুজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল হামিদ হামজেহপুর এ তথ্য জানিয়েছেন।
ইরানের বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামজেহপুর মার্কিন এই হামলাকে ‘ধারাবাহিক অপরাধ ও সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করেছেন।
তিনি জানান, সাগর থেকে পানি উত্তোলনের একটি পাম্পিং স্টেশন এবং বুঞ্জি ডেসালিনেশন প্ল্যান্টের একটি বিদ্যুৎ ট্রান্সফরমার হামলায় ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ হয়ে গেছে।
এদিকে দক্ষিণ ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সপ্তম রাতের মতো যুক্তরাষ্ট্র কর্তৃক বিমান হামলা শুরুর পর দক্ষিণ ইরানে এ ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জুলাই) ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী তাদের সপ্তম রাতের বিমান হামলা শুরু করার কিছুক্ষণ পরেই শুক্রবার রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বান্দার আব্বাস ও সিরিকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে, তেহরান জানিয়েছে শুক্রবার হরমুজ প্রণালীতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ সতর্কবার্তা উপেক্ষা করে অনুমতি না নিয়েই অতিক্রম করার চেষ্টা করায় জাহাজটিকে লক্ষ্যবস্ত করেছে আইআরজিসি।
অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের ব্যাপক সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করার পাশাপাশি ট্রাম্প প্রশাসন ইসরায়েলে আরও কয়েক ডজন আকাশপথে জ্বালানি সরবরাহকারী বিমান পাঠানোর পরিকল্পনা করছে।