চকরিয়ায় রেললাইন দুর্ঘটনায় নিহত ১

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে এক নারীর নিহত হয়েছেন। নিহত রেজু আরা বেগম (৫২) একই এলাকার গোলাম কাদের এর স্ত্রী।

কক্সবাজার আইকনিক স্টেশনের নিরাপত্তায় নিয়োজিত রেলওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শাহজালাল জানিয়েছেন, মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পালাকাটা এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়দের বরাতে মোহাম্মদ শাহজালাল বলেন, বেলা ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম ও ঢাকা রেল লাইনের চকরিয়ার পালাকাটা এলাকায় এক নারী রেল লাইন ধরে হাঁটছিল। এ সময় চট্টগ্রাম দিক থেকে আসা সৈকত এক্সপ্রেস তাকে ধাক্কা দেয়। এতে ওই নারীর শরীরের বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়ে ঘটনাস্থলে মারা যায়।

নিহত নারীর স্বজনদের কোন ধরণের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে সোমবার সকালে চকরিয়া উপজেলার হারবাং এলাকায় ট্রেনে পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়। এ নিয়ে গত ১ মাসে চকরিয়ায় ট্রেনে পড়ে মারা গেছে ৪ জন।