ফাইল আটকে অর্থ আদায়, হয়রানী, কতিপয় কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের খুলনা বিভাগীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে দুনীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে এ অভিযান চালান হয়। দুদক কর্মকর্তারা জানান, দুপুরে দুদকের খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলামের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
দুদকে সহকারী পরিচালক রকিবুল ইসলাম জানান, অভিযানে একটি ফাইল দীর্ঘ আড়াই মাস আটকে রেখে সেবা গ্রহীতাকে হয়রানী করার প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি একজন কর্মকর্তা ও কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে কিছু ফাইল জব্দ করা হয়েছে। ফাইলগুলো অনুসন্ধানের পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।