আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, লেভেল প্লেয়িং ফিল্ডসহ ৫ দফা দাবি আদায় এবং গণভোটে ‘হ্যাঁ’-কে জেতাতে সিলেটে বিভাগীয় মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসহ ৮ দল।
আগামী ৬ ডিসেম্বর সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে উক্ত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে ৮ দলের শীর্ষ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। মঙ্গলবার বিকালে নগরীর কুদরত উল্লাহ মার্কেটস্থ সিলেট মহানগর জামায়াত কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
প্রেসব্রিফিংয়ের আগে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে জেলা ও মহানগর ৮ দলের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ৮ দলের ১৩ সদস্যের লিয়াজো কমিটি গঠন করা হয় এবং সমাবেশ বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সভা শেষে ৮ দলের যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত প্রেস ব্রিফিংয়ে ৮ দলের কেন্দ্রীয় লিয়াজো কমিটির পক্ষে বক্তব্য রাখেন, এহসানুল মাহবুব জুবায়ের। ব্রিফিংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেসব্রিফিংয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে ৫ দফা দাবিতে ৮ দল যুগপৎ কর্মসূচি পালন করে যাচ্ছে। এর আলোকে দেশের ৭টি বিভাগীয় শহরে মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ৩০ নভেম্বর থেকে এসব কর্মসূচি পালিত হবে। সবশেষে ৬ ডিসেম্বর সিলেটে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সিলেটে ৮ দলের ১৩ সদস্য বিশিষ্ট একটি লিঁয়াজো কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে সিলেটে আগামীতে ৮ দলের সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
লিঁয়াজো কমিটির সমন্বয়ক হলেন- সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। কমিটির সদস্যরা হলেন- সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ ও সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম ও জেলা সভাপতি মাওলানা মো. ইকবাল হোসাইন, খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ ও মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার ও জেলা সভাপতি হাফিজ মাওলানা আবু ইউসুফ চৌধুরী, খেলাফত আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সিলেট মহানগর সভাপতি কবির আহমদ।