যশোরে বোমাবাজি মামলা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শহিদুল ইসলাম তোতা (৩৯) নামে পুলিশের এক নায়েককে আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে যশোর শহরের মুসলিম একাডেমীর পূর্ব পাশের রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক শহিদুল ইসলাম তোতা শার্শা উপজেলার কন্দর্পপুর গ্রামের রেজাউল হক ওরফে সোনা সরদারের ছেলে।
শার্শা থানা পুলিশের এসআই হযরত আলী জানান, শহিদুল ইসলাম তোতা খাগড়াছড়িতে পুলিশে কর্মরত ছিলেন। তবে প্রায় এক বছর আগে ছুটিতে এসে তিনি আর কর্মস্থলে যোগদান দেননি। এরই মধ্যে তার বিরুদ্ধে একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। আজ সন্ধ্যায় ডিবি পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। শার্শা থানায় দায়ের হওয়া একটি বোমাবাজি মামলার তদন্ত কালে শহিদুলের সম্পৃক্ততা পাওয়া যায়।
এ কারণে মামলায় তাকে আটক করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে।
উল্লেখ্য, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলামের বাড়ির কেয়ারটেকার মো. শাহ আলম গত ২৬ ফেব্রুয়ারি শার্শা থানায় উক্ত বোমাবাজি মামলাটি দায়ের করেন শহিদুলের বিরুদ্ধে। শাহ আলম শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। ওই মামলায় তাকে আটক দেখানো হয়েছে।