অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ভল্ট ভেঙে ৮৩২ ভরি স্বর্ণালঙ্কারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) এই ভল্ট দুইটি জব্দ করা হয়। সিআইসির এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকা ৭৫১ এবং ৭৫৩ নম্বর ভল্ট বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ভাঙা হয়। ভল্ট দুটি থেকে মোট ৮৩২ ভরি স্বর্ণালঙ্কারের সন্ধান পাওয়া গেছে।
অপরদিকে, একইদিন শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের একটি শাখায় রক্ষিত ভল্ট খোলা হলেও সেখানে কোনো স্বর্ণালঙ্কার বা কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তবে পূবালী ব্যাংকের ওই ভল্টে কেবল একটি পাটের বস্তা পাওয়া গেছে।
সিআইসি সূত্রমতে, ১৭ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংক থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুইটি ভল্ট বা লকার জব্দ করে সিআইসির কর্মকর্তারা। এর আগে ১০ সেপ্টেম্বর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা থেকে একটি লকার জব্দ করেছে সিআইসি। অগ্রণী ব্যাংক লিমিটেডের প্রধান শাখায় শেখ হাসিনার নামে দুইটি লকার পাওয়া গেছে। এর মধ্যে প্রথম লকারের নাম্বার হলো ৭৫৩, চাবি নাম্বার ২০০। আর দ্বিতীয় লকার নাম্বার হলো ৭৫১, চাবি নাম্বার ১৯৬। আইনি প্রক্রিয়া শেষে দুইটি লকার জব্দ করা হয়েছে। তবে লকারে কি রয়েছে তা জানা যায়নি।
অপরদিকে, ১০ সেপ্টেম্বর বুধবার সকালে পূর্বালী ব্যাংক মতিঝিল করপোরেট শাখায় শেখ হাসিনার একটি লকার জব্দ করে সিআইসি। লকার নং-১৮। এই লকারের দুইটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে।