ক্রিশ্চিয়ানা রোনালদোকে বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচেই পাওয়া যাবে। আয়ারল্যান্ডের বিপক্ষে কোয়ালিফায়ারে প্রতিপক্ষকে কনুইয়ে আঘাত করে পাওয়া লাল কার্ডের কারণে তার একাধিক ম্যাচ নিষিদ্ধ হওয়ার আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ফিফার সিদ্ধান্তে তিনি বড় শাস্তি থেকে রেহাই পেয়েছেন।
ফিফা মঙ্গলবার এক শৃঙ্খলামূলক রায়ে রোনালদোর ওপর তিন ম্যাচ নিষিদ্ধের আদেশ দিলেও তার মধ্যে দুটি ম্যাচ এক বছরের জন্য স্হগিত রেখেছে । অর্থাৎ, আগামী এক বছরে রোনালদো যদি একই ধরনের গুরুতর আচরণগত ভুল না করেন, তাহলে বাড়তি দুই ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
এরই মধ্যে পর্তুগালের হয়ে গত সপ্তাহে আর্মেনিয়ার বিপক্ষে ৯–১ গোলের ম্যাচে তিনি এক ম্যাচের বাধ্যতামূলক নিষেধাজ্ঞা পূরণ করেছেন—যে ম্যাচ জয়ের মধ্য দিয়েই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে রবার্তো মার্টিনেসের দল।
আগে ধারণা করা হচ্ছিল, রোনালদোকে আরও অন্তত একটি ম্যাচ বাইরে থাকতে হতে পারে। সেক্ষেত্রে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শুরু করতে হতো সাইডলাইনে বসে। কিন্তু সর্বশেষ রায় অনুযায়ী এমন পরিস্থিতি হচ্ছে না।
ফিফা জানায়—
“প্রোবেশন পিরিয়ডে রোনাল্ডো যদি একই ধরনের গুরুতর কোনো অপরাধ করেন, তবে স্থগিত রাখা দুই ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে।”
পর্তুগালের সামনে এখন মার্চে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আছে। এরপর মে–জুনে আরও ১–২টি প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, যুক্তরাষ্ট্র–কানাডা–মেক্সিকোতে।
ঘটনা ও বিতর্ক
দুই সপ্তাহ আগে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ২–০ হারের ম্যাচে রোনালদো প্রতিপক্ষ ডিফেন্ডার দারা ও’শিয়াকে কনুইয়ে আঘাত করলে সরাসরি লাল কার্ড দেখেন। সেই ঘটনার পর রোনালদোকে নিয়ে বড় শাস্তির আলোচনা ছড়িয়ে পড়ে।
ঠিক এর এক সপ্তাহ আগে রোনালদো ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে হোয়াইট হাউসে এক আনুষ্ঠানিক নৈশভোজে। সেই অনুষ্ঠানে ইনফান্তিনোর সঙ্গে রোনালদোর সেলফি প্রকাশের পর অনেকেই শাস্তি হালকা হওয়ার সম্ভাবনা নিয়ে সমালোচনা করেন।
এপি প্রতিবেদনে বলা হয়েছে, রোনাল্ডো গত তিন বছর ধরে সৌদি আরবের লিগে খেলছেন, যেখানে ক্লাবটি সৌদির সার্বভৌম সম্পদ তহবিলের মালিকানাধীন। সৌদি আরব ২০৩৪ বিশ্বকাপের আয়োজকও বটে—ফিফার সঙ্গে গত দুই বছরে যারা অন্যতম বড় অর্থায়নকারী।
ফিফার এই শাস্তি আপিলযোগ্য, তবে কোন পক্ষ আপিল করতে পারবে—তা এখনও পরিষ্কার নয়।
আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্পও। ওই ড্রতেই পর্তুগাল জানবে—গ্রুপ পর্বে কারা হবে তাদের তিন প্রতিপক্ষ।