লিগের শেষ প্রান্তে এসে আবারও চোটে পড়লেন সান্তোসের ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার। বাম হাঁটুর মেনিসকাসে নতুন ইনজুরি ধরা পড়ায় মৌসুমের শেষ তিন ম্যাচে তাকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা। গত ১৯ নভেম্বর মিরাসোলের বিপক্ষে ম্যাচের পর থেকেই অস্বস্তি অনুভব করছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। ২৪ নভেম্বর ইন্টারনাসিওনালের বিপক্ষে ম্যাচে বিশ্রামে রাখার পরও ব্যথা কমেনি।
ইএসপিএনকে ক্লাবের একটি সূত্র জানিয়েছে, সর্বোচ্চ চেষ্টা চললেও আগামী ২৮ নভেম্বর শুক্রবার স্পোর্ট রেসিফের বিপক্ষে নেইমারের খেলা নিয়ে অনিশ্চিয়তা আছে। এছাড়া জুভেন্তু এবং ক্রুজেইরোর বিপক্ষে শেষ দুই ম্যাচেও তার অনুপস্থিতির সম্ভাবনা প্রবল। সেইসঙ্গে আছে ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ার শঙ্কা। কার্লো আনচেলত্তি স্পষ্ট বলে দিয়েছেন, আনফিট নেইমারের জায়গা তার বিশ্বকাপ দলে হবে না।
এই মুহূর্তে ব্রাসিলেইরাঁও লিগের টেবিলে সান্তোস ৩৮ পয়েন্ট নিয়ে আছে ১৭তম স্থানে। অর্থাৎ অবনমন অঞ্চলের প্রথম দল তারাই। এ অবস্থায় নেইমারকে না পাওয়া সান্তোসের জন্য বড় সমস্যা। নেইমারের বাবাও ছেলের চোট নিয়ে স্পষ্ট মন্তব্য করেননি। এক অনুষ্ঠানে নেইমারের বাবা ছেলের চোট নিয়ে বলেন, ‘আমরা নিজেরাই কিছু জানি না। পরীক্ষা হয়েছে, কিন্তু রিপোর্ট পাইনি। আপনারা কীভাবে আগে জানেন বুঝতে পারছি না।’
একই অনুষ্ঠানে সান্তোসের সভাপতি মার্সেলো তেইশেইরা জানান, নেইমারকে মাঠে ফেরাতে ক্লাব বিশেষ মেডিকেল টাস্কফোর্স গঠন করেছে। তার ভাষায়, ‘আমরা চেষ্টা করছি সে যেন স্পোর্টের বিপক্ষে খেলতে পারে। মেডিকেল টিম আগামীকাল তাকে বিস্তারিত জানাবে।’ তিনি আরও জানান, মৌসুমের শেষ তিন ম্যাচে নেইমারকে পাওয়ার জন্য প্রয়োজনে ইনজুরি-সংক্রান্ত চিকিৎসা পেছানো হতে পারে।
উল্লেখ্য, লম্বা ইনজুরি থেকে ফেরার পর চলতি বছর একের পর এক চোটে পড়েছেন নেইমার। গত মার্চে বাম উরুতে এডেমা, এপ্রিল একই উরুতে আরেক দফা চোট, সেপ্টেম্বরে ডান উরুতে গ্রেড–২ ইনজুরি এবং নভেম্বর বাম হাঁটুর মেনিসকাস ইনজুরিতে আক্রান্ত হন তিনি। সর্বশেষ এই ইনজুরিই তাকে এখনো ভোগাচ্ছে।