বার্সেলোনাকে উড়িয়ে দিল চেলসি; ইতিহাস গড়লেন এস্তেভাও

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম

ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে নিজেদের ভয়ঙ্কর রূপটা দেখিয়ে দিল ইংলিশ ক্লাব চেলসি। ম্যাচের প্রথম মিনিট থেকেই ছিল আগ্রাসন, ছিল ক্ষুধা। এমনকি তিনটি গোল বাতিল হওয়ার পরও ব্লুজরা প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে তিনবার। বিপরীতে বার্সেলোনা পুরো ম্যাচজুড়ে ছিল নিষ্প্রভ। চেলসি ম্যাচ জিতে নিয়েছে ৩-০ গোলে।

ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যায় চেলসি। ডানপ্রান্ত থেকে ওঠা আক্রমণ থেকে পেদ্রো নেতোর ব্যাকহিলে বল পান কুন্দে ও ফেরান তোরেস। গোললাইন ছুঁইয়ে যাওয়া বল কুন্দের গায়ে লেগে নিজেদের জালে প্রবেশ করে। বার্সা খেলোয়াড়দের তীব্র আপত্তি সত্ত্বেও ভিএআর দেখে গোলটিকে বৈধ বলে রায় দেন রেফারি। চেলসির দ্বিতীয় গোলটি ম্যাচের সবচেয়ে আলোচিত।

ডান প্রান্তে বল পেয়ে ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা এস্তেভাও দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে গোল করেন। ইয়াহু স্পোর্টস জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগে একটানা প্রথম তিন ম্যাচের শুরুর একাদশে খেলেই গোল পাওয়া ইতিহাসে তৃতীয় কিশোর হয়েছেন এস্তেভাও। এই তালিকায় তার আগে আছে কিলিয়ান এমবাপ্পে (১৮ বছর ১১৩ দিন) ও আর্লিং হাল্যান্ড (১৯ বছর ১০৭ দিন)।

লামিন ইয়ামালের জন্য ছিল এক হতাশার রাত। সুযোগ সৃষ্টি তো দূরের কথা, ডান উইং থেকে কোনও প্রভাবই দেখাতে পারেননি তিনি। এ কারণে চেলসি সমর্থকেরা তাকে এস্তেভাঁওয়ের সঙ্গে তুলনা করে নানারকম কটূক্তি শুনিয়েছেন। শেষ পর্যন্ত ৮০ মিনিটে তাকে তুলে নেন কোচ। প্রথমার্ধের শেষদিকে কুকুরেয়াকে আটকাতে গিয়ে দেরিতে ট্যাকলে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রোনাল্ড আরাউহো। এরপর দশজনের বার্সেলোনা আর কখনও ছন্দে ফিরতে পারেনি।

পুরো ম্যাচে চেলসির চারবার বল জালে গেলেও তিনটি অফসাইড ও হ্যান্ডবলে বাতিল হয়। প্রথমটি ৫ম মিনিটে রিস জেমসের হাতে লাগায় বাতিল হয়। আরেকটি বাতিল হয় ত্রেভো চালোবাহর অফসাইডের কারণে। তাছাড়া দ্বিতীয়ার্ধেও ভিএআরের কারণে বাতিল হয় আরও একটি গোল। শেষ দিকে ডিলান ডেলাপ গোল করে চেলসির জয় নিশ্চিত করেন। ব্লুজদের আক্রমণাত্মক ফুটবলের সামনে বার্সেলোনা ছিল সম্পূর্ণ অসহায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত