প্রবল বন্যায় থাইল্যান্ডে নিহত ৩৩

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে টানা ভারি বর্ষণে সৃষ্ট মারাত্মক বন্যায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং পর্যটন নগরীসহ বেশ কয়েকটি এলাকায় মানুষ ঘরবাড়ি ও হোটেলে আটকে পড়েছে। বুধবার (২৬ নভেম্বর) এ সব তথ্য জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, প্রবল বর্ষণে প্রধান পর্যটনকেন্দ্র হাট ইয়াই নগরী পানিতে তলিয়ে যায়। কয়েকদিন ধরে চলা বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতি অবনতির দিকে গেলে সরকার সঙখলা প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করে। আবহাওয়া অধিদপ্তর আরও বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা প্রকাশ করেছে।

দেশের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে, দক্ষিণের চারটি বন্যা কবলিত প্রদেশে এ পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় টেলিভিশন ফুটেজে দেখা গেছে, হাট ইয়াইতে নৌকা, জেটস্কি ও সামরিক ট্রাকে করে মানুষের উদ্ধার কাজ চালানো হচ্ছে। অনেকে শিশুদের নিরাপদে সরিয়ে নিতে শিশুদের ফোলানো সুইমিং পুল পর্যন্ত ব্যবহার করছেন।

স্থানীয় টিভি চ্যানেল টিএনএন–কে এক নারী জানান, তিনি চার দিন ধরে আটকে ছিলেন। শিশুসহ পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা ভেবেই শেষমেশ তিনি বের হওয়ার সিদ্ধান্ত নেন। নৌকায় করে ওই নারী, তার শিশু ও তার শয্যাশায়ী মাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

সঙখলা প্রদেশের জনসংযোগ বিভাগ জানায়, ২০ নভেম্বর থেকে এখন পর্যন্ত ১,২০০–র বেশি মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেছেন, উদ্ধার অভিযান জোরদারে আরও নৌকা ও ট্রাক মোতায়েন করা হবে।

থাইল্যান্ডে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারি বৃষ্টি হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এখন চরম আবহাওয়া আরও অনিশ্চিত ও তীব্র হয়ে উঠছে।