শরীয়তপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম বলেছেন, ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে তারুণ্যের অহংকার তারেক রহমান দেশে নেই। তারপরও দূর থেকে নেতৃত্ব দিয়ে তিনি বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন।
বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে শরীয়তপুর সদরের ডোমসার বাজারে পথসভা শেষে তিনি এসব কথা বলেন।
সাঈদ আহমেদ আসলাম বলেন, ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ভোটাধিকার ফিরিয়ে আনব। পাশাপাশি ধানের শীষকে জয়যুক্ত করব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলার যাতায়াতের সড়কগুলোর বেহাল দশা। শিক্ষা, চিকিৎসাসহ সবদিক দিয়ে পিছিয়ে আছে জেলাটি। আমরা জদি ক্ষমতায় আসি তাহলে এই সমস্যার সমধানের চেষ্টা করব। ইপিজেড গঠন করে শরীয়তপুরের মানুষের কর্মসংস্থানের চেষ্টা করব। পাশাপাশি ভালো ক্লিনিক, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করব। যেহেতু জেলাটি নদীভাঙন এলাকা তাই ভাঙন রোধে কাজ করব। তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে, তাকে বলেছি শরীয়তপুরের দিকে আপনার স্পেশাল নজর দিতে হবে।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা-উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ এলাকার ভোটাররা।