গৌতম গম্ভীরের কোচিংয়ে ঘরের মাঠে দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজ হারল ভারত। গত বছর নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশড হওয়ার পর দক্ষিণ আফ্রিকার কাছেও একই পরিণতি বরণ করতে হলো। সেটাও আবার ৪০৮ রানের বিশাল ব্যবধানে। প্রোটিয়াদের টেস্ট ইতিহাসে রানের হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ জয়। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা ৪৯২ রানে জিতেছিল। অন্যদিকে টেস্টে রানের হিসেবে এটি ভারতের সবচেয়ে বড় পরাজয়। আগেরটি ছিল ২০০৪ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৪২ রানে। দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল টেম্বা বাভুমার দল।
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ বুধবার ম্যাচের পঞ্চম দিনে ভারতীয় ব্যাটাররা টিকতে পেরেছে সাড়ে তিন ঘণ্টার মতো। প্রথম ইনিংসে ৪৮৯ রান তোলা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৬০ রান তুলে ইনিংস ঘোষণা করে। অন্যদিকে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছিল ২০১ রানে। তাই জয়ের জন্য তাদের টার্গেট দাঁড়ায় ৫৪৯ রানের। মানে রীতিমতো রেকর্ড গড়ে জিততে হতো রিশাভ পান্তের দলকে। এই অসম্ভব লক্ষ্য তাড়ায় নেমে সাইমন হার্মারের স্পিনে আরও একবার মুখ থুবড়ে পড়ে স্বাগতিকদের ব্যাটিং।
দ্বিতীয় ইনিংসে দেড়শ রানও করতে পারেনি ভারত! ৬৩.৫ ওভার ব্যাট করে অল-আউট হয়েছে মাত্র ১৪০ রানে। একমাত্র ফিফটি করেছেন অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা। বিস্ময়কর হলেও সত্য যে, বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপের আর কেউ বিশের ঘরেও যেতে পারেননি। ২৩ ওভার বল করে ৬ মেডেনসহ মাত্র ৩৭ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন হারমার। দুই টেস্টে ১৭ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। আর প্রথম ইনিংসে লড়াকু ৯৩ রান এবং ৪৮ রানে ৬ উইকেটের অল-রাউন্ড পারফর্মেন্সে ম্যাচসেরা হয়েছেন মার্কো ইয়ানসেন।