জনবল সংকটে বিঘ্নত হচ্ছে যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

যাত্রী সেবার জন্য রেলওয়ে অনেক লোকসানে থাকার কথা জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং রেলপথ মন্ত্রণালয়ের (অতিরিক্ত) দায়িত্বে নিয়োজিত শেখ মইনউদ্দিন বলেছেন, রেলওয়ে লোকসানে থাকলেও রেলের ভাড়াটা সবার কথা চিন্তা করে বাড়ানো যাচ্ছে না। এছাড়াও রেলওয়ে বিভাগ কাম্য জনবলের তিনভাগের একভাগ নিয়ে কাজ করছে। ২০১৬ সালের পর থেকে ভাড়াও বাড়ানো হয়নি। যে কারণে যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা প্রদান বিঘ্ন হচ্ছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনসহ রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। 

তিনি বলেন, আমাদের রেলওয়ের মানুষ (জনবল) কিন্তু অনেক কমে গেছে। যে পরিমাণ মানুষ রেলওয়েতে দেওয়া প্রয়োজন সে অনুযায়ী আমাদের নেই। এখানে সবার সঙ্গে কথা বলে এরপর যে পরিমাণ লোক জয়দেবপুরে প্রয়োজন তা দেওয়া হবে। এখানকার অধিবাসীরা দাবি জানিয়েছে প্ল্যাটফর্ম বাড়ানো, ঢাকার সঙ্গে ট্রেনের সংখ্যা বাড়ানো। এগুলো দেখার জন্যই আমরা এখানে এসেছি। তথ্যগুলো নিয়ে যাচ্ছি। আপনাদের দাবি অনেক আছে কিন্তু আমাদের হয়তো সক্ষমতা ততটা নেই। এখন এমন একটা সিদ্ধান্ত নিতে হবে যেটা দিয়ে আপনাদেরও কাজ হয় এবং আমাদেরও সক্ষমতা থাকে। জনবল যতদিন না বাড়ানো হয় ততদিন হয়তো পুরোপুরি সার্ভিসটা আমরা দিতে পারবো না। জয়দেবপুর জংশন এখন কাজ চলছে। কাজের সময় হয়তো সাময়িক অসুবিধা হতে পারে। কাজ শেষ হলে এখানে ট্রেনের সংখ্যাও বাড়বে এবং সেবার মানও যাতে বাড়ে সেই চেষ্টাও করা হবে।

তিনি প্ল্যাটফর্মের আধুনিকায়ন, যাত্রী সেবার মান উন্নয়ন ও কমিউটার ট্রেন চালুর ব্যাপারেও উপস্থিত যাত্রী, কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, যাত্রীদের দাবি ও সরকারের সক্ষমতা মিলিয়ে দেখে যেটি সবার জন্য ভালো হয়, সেই ব্যবস্থাই গ্রহণ করা হবে। পরে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।