ফরিদপুরে ওলামাদল নেতার পদত্যাগ 

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাউল আবুল সরকারের সাম্প্রতিক খোদাদ্রোহী বক্তব্যকে পরোক্ষ সমর্থন করেছেন- এমন অভিযোগ এনে প্রতিবাদ স্বরূপ জাতীয়তাবাদী ওলামা দল থেকে পদত্যাগ করেছেন ফরিদপুর জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ও নগরকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতী মুস্তাফিজুর রহমান। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন। 

মুফতী মুস্তাফিজুর রহমান বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আল্লাহকে কটূক্তিকারী ভণ্ড বাউলের পক্ষ নেয়ায় আমি পদত্যাগ করলাম। একইসঙ্গে ওই বিবৃতিতে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মির্জা ফখরুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন এবং দাবি করেছেন, বিএনপি যদি বার বার মির্জা ফখরুলের এমন ইসলামবিরোধী বক্তব্যকে উপেক্ষা করতে থাকে, তাহলে তাদেরও ফ্যাসিস্টের মতো পরিস্থিতি ভোগ করতে হবে। 

ওই বিবৃতিতে মুফতী মুস্তাফিজুর রহমান আরো বলেন, মহান আল্লাহকে নিয়ে কটূক্তিকারী বাউল আবুল সরকারের পক্ষে সাফাই গেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিএনপির মতো ডানপন্থী একটি দলের মহাসচিবের এমন অবস্থানে গোড়া দেশের ইসলামপ্রিয় মানুষকে আশাহত করেছে। 

তিনি বলেন, আমি বিশ্বাস করি- মহান আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে। তাই মির্জা ফখরুল বাউলের খোদাদ্রোহী বক্তব্যকে পরোক্ষভাবে সমর্থন করায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনুরোধ করছি- ইসলামপ্রিয় ব্যক্তিদের ‘ধর্মান্ধ’ বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কটাক্ষ করেছেন এবং বাউলের খোদাদ্রোহী বক্তব্যের পরোক্ষ পক্ষাবলম্বন করেছেন, আপনি খুব শিগগিরই এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত