রাজৈরয়ে বিএনপির লিফলেট বিতরণ

বিগত দিনে স্বৈরশাসকরা দীর্ঘ ৩৬ বছর এখানে শাসন কায়েম করেছিল। মানুষ নতুন করে ভোটের অধিকার ফিরে পেয়ে দীর্ঘশ্বাস ফেলছেন- নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ–সাধারণ সম্পাদক ও মাদারীপুর–২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিমেল আল ইমরান।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

হিমেল আল ইমরান বলেন, ভোটের অধিকার ফিরে পেয়ে মানুষ উৎফুল্ল। তারা ভোট দেওয়ার জন্য উদ্দীপিত হয়ে রয়েছে, প্রস্তুতি নিচ্ছে। সবার কাছে পরিবেশটিকে উৎসবমুখর মনে হচ্ছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চষে বেড়াচ্ছি। যত উদীয়মান লোক আছে—বিগত দিনের আন্দোলন–সংগ্রামে পরীক্ষিত নেতা হিসেবে আমি মাদারীপুরের সবচেয়ে নির্যাতিত নেতা ছিলাম। 

আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান যদি মনে করেন মাদারীপুর–২ সংসদীয় আসনে আমাকে আসীন করলে ভাগ্যের আকাশে নতুন সূর্য উদয় হবে—তাহলে আমি ধানের শীষের মনোনয়ন চাই।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ–সাধারণ সম্পাদক হিমেল আল ইমরান বলেন, উন্নয়নের ধারা কী—তা মাদারীপুর–২ আসনের মানুষ ভুলে গেছে। আমি চাই একটি নতুন মাদারীপুর উপহার দিতে; যেখানে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের সঠিক প্রয়োগ হবে, মানুষের উন্নয়ন দ্বারে দ্বারে পৌঁছে যাবে—এমন একটি শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে দিতে চাই মাদারীপুরবাসীকে।