কুমিল্লা–১০: বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

কুমিল্লা–১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতা-কর্মীরা কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে নাঙ্গলকোট পৌরবাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতা-কর্মী অংশ নেন। মিছিল শুরুর আগে অনেকে “মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দিতে হবে” স্লোগান দেন। পরে বিক্ষোভ মিছিলটি পৌরবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি নরুল আমিন জসিমসহ স্থানীয় কয়েকজন নেতা। তাঁরা অভিযোগ করেন, “গত ১৭ বছর ধরে মোবাশ্বের আলম ভূঁইয়া নাঙ্গলকোটে বিএনপিকে সুসংগঠিত করার দায়িত্ব পালন করেছেন এবং সংকটকালে নেতা-কর্মীদের পাশে ছিলেন। অথচ এবার ক্ষমতাসীন দলের সঙ্গে আতাত করায় একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে।”

বক্তারা দ্রুত মনোনয়ন পরিবর্তন করে মোবাশ্বের আলম ভূঁইয়াকে প্রার্থী ঘোষণার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।