যশোরের ঝিকরগাছায় কৃষকের কেটে রাখা ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে উপজেলার শংকরপুর-কুলবাড়ীয়া মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক রাজু আহমেদ একই এলাকার বাসিন্দা।
গ্রামবাসী জানায়, কৃষক রাজু ১০ কাঠা জমি বন্ধক নিয়ে চাষাবাদ করছিলেন। কষ্ট করে উৎপাদিত ধান কেটে শুকানোর জন্য মাঠে স্তূপ করে রাখা ছিল। ভোররাতে দুর্বৃত্তরা তার ধানের গাদায় আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই সব ধান পুড়ে ছাই হয়ে যায়। পূর্ব শত্রুতার জেরে এই আগুন দেওয়ার ঘটনা ঘটতে পারে বলে ধারণা গ্রামবাসীর। ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’