ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্ধি ইউনিয়নের সামাজিক কোন্দল ও আধিপত্য বিস্তারে নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে বিএনপির দুটি গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে ফুরসন্দি গ্রামের শাহাবুর মোল্লার সমর্থক আল-আমিনের সঙ্গে বিএনপি নেতা জাহিদ বিশ্বাসের সমর্থক ফিরোজের পারিবারিক দ্বন্দ্ব বাঁধে। পরে পারিবারিক দ্বন্দ্ব রাজনৈতিক গ্রুপিং পরিণত হয়।
স্থানীয়রা জানায় , দীর্ঘদিন ধরে ফুরসন্দি গ্রামের প্রভাবশালী বিএনপি নেতা শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। শাহাবুর মোল্লার দলীয় পদ নেই, তবে তিনি বিএনপির প্রভাবশালী ব্যক্তিত্ব। অন্য গ্রুপের জাহিদ বিশ্বাস ফুরসন্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। তবে ৫ আগস্টের পরে ইউনিয়নের আওয়ামী লীগ নেতাদের নিজের গ্রুপে টেনে নেন শাহাবুর মোল্লা।
ফুরসন্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদ বিশ্বাস বলেন, শাহাবুর মোল্লার সঙ্গে আওয়ামী লীগের অনেকেই যোগ দিয়েছে। এরা সব ৫ আগস্টের পরের বিএনপি। কিন্তু, বিএনপিতে এসে মারামারি সংঘর্ষ করার তো কোনো সুযোগ থাকা উচিত না।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।