বায়ার্নকে হারিয়ে শীর্ষে আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে আছে আর্সেনাল। গানার্সরা চ্যাম্পিয়নস লিগেও ধরে রাখল জয়ের ধারা। নিজেদের মাঠ এমিরেটসে আর্সেনাল ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখকে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল মিকেল আর্তেতার দল। জয়ের পর আর্সেনালের ডেকলান রাইস বলেন, অনেকটা পথ যেতে হবে। আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম হারের তেতো স্বাদ পেল বায়ার্ন। এবার লিগপর্বে একমাত্র দল হিসেবে প্রথম পাঁচ ম্যাচের সব জিতল আর্সেনাল।

লিভারপুলের হার : ইপিএল হোক বা চ্যাম্পিয়নস লিগ হার যেন লিভারপুলে নিত্যসঙ্গী হয়ে উঠেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই হারের পর আবারও চ্যাম্পিয়নস লিগে হারল অলরেডরা। পিএসভি ৪-১ গোলে হারিয়েছে লিভারপুলকে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১২ ম্যাচে এটি আর্না সøটের দলের নবম হার। ১৯৫৩-৫৪ মৌসুমের পর এবারই প্রথম এতটা বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে অ্যানফিল্ডের ক্লাবটি।

আতলেতিকোয় ধরা ইন্তার : গেলবার চ্যাম্পিয়নস লিগে রানার্সআপ হয়েছিল ইন্তার মিলান। এবারও লিগপর্বে প্রথম চার রাউন্ডে শতভাগ জয় পেয়েছিল তারা। তবে বুধবার রাতে আতলেতিকো মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে ইন্তার মিলানকে। নিজেদের মাঠে নবম মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় আতলেতিকো। ৫৪ মিনিটে গোল শোধ দেন পিওতর জেলেনস্কি। যোগকরা সময়ে হোসে মারিয়া গোমেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ডিয়েগো সিমিওনের দল।